রাজধানীর তেজগাঁওয়ে সিটি পাম্পের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ আল আমিন (৫০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তার কাছে থাকা ৬৮ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।
বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন।
ভুক্তভোগী আল আমিন ভোলার বোরহান উদ্দিন উপজেলার ছোট মনিকা গ্রামের খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তেজগাঁও পূর্ব স্টেশন রোড এলাকায় থাকেন।
আহত ব্যবসায়ীর মামা আমজাদ হোসেন জানান, আমার ভাগিনা কাভার্ডভ্যানের ব্যবসায়ী। গতকাল রাতে ব্যবসায়িক কাজ শেষে তেজগাঁও সিটি পাম্পের পাশ দিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরছিল। পথে ছিনতাইকারীরা তার গতিরোধ করে করে মাথায় পিঠে এবং হাতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা ৬৮ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে গেছে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করি। বর্তমানে নিউরোসার্জারি বিভাগে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে আল আমিন নামে ওই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
শেখ জাহাঙ্গীর/এমএ/