রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় নিখোঁজের একদিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ মিলেছে ময়লার স্তূপে। শিশুটির শরীরে জখমের চিহ্ন ছিল। মঙ্গলবার (১৩ মে) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার একটি স্তূপে একটি বেওয়ারিস বস্তা দেখেন স্থানীয়রা। তারা বস্তা খুলে রোজা মনির মরদেহ দেখতে পান। শিশুটির দেহে পোড়ার ক্ষত বা ফোসকার মতো জখম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোজা মনি নামের শিশুটি সোমবার (১২ মে) বিকাল থেকে নিখোঁজ ছিল। স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খুঁজে তার হদিস না পেয়ে মাইকিং করে।
পুলিশ জানায়, শিশুটির শরীরে ফোসকার মতো ক্ষত রয়েছে। ধারণা করা যায়, তার শরীরে গরম পানি বা এ ধরনের কোনো কিছু ঢেলে দেওয়া হয়েছে। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
এছাড়া শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কি না, সেটিও তারা সন্দেহ করছেন। ময়নাতদন্তের সময় বিষয়টি খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, স্থানীয়রা শিশুটির বস্তাবন্দি মরদেহ পেয়ে পুলিশকে খবর দেয়। শিশুটিকে হত্যার পর মরদেহ গুমের জন্য কেউ এটা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তুলি/মাহফুজ