রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত জামাল হোসেনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জামাল বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠনের সাবেক সেক্রেটারি। জামাল মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারে থাকেন। তার বাবা মৃত মুন্নাফ আলী।
গুলিবিদ্ধ জামালের ভাই মোহাম্মদ সজল বলেন, ‘বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে অজ্ঞাত দুই ব্যক্তি মুখোশ পরে জামালকে সামনে থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, গুলিবিদ্ধ হয়ে জামাল নামে এক ব্যক্তিকে ঢামেকে ভর্তি করা হয়েছে।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, তারা ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করছেন।