মাগুরা সদরের জামরুলতলা ও পুরাতন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল ও ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে জামরুলতলা এলাকার মেসার্স সুভাষ স্টোরের মালিক সুভাষ কুমার বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯সেপ্টেম্বর) মাগুরা জেলা পুলিশের একটি টিমের সহযোগিতায় বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ অননুমোদিত, নিম্নমানের ও ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়।
এসব বেনামি শিশুখাদ্যে বিভিন্ন প্লাস্টিকের খেলনা ও উপহার যুক্ত করে শিশুদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। এ ছাড়া এসব পণ্যে কোনো প্রকার মেয়াদ কিংবা অনুমোদনের সিল পাওয়া যায়নি।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, এ ধরনের নকল ও মেয়াদবিহীন খাবার শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় দোকানটির ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
অভিযানে সুভাষ কুমার বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি বাজারের অন্যান্য দোকান তদারকি করে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ায়, সে বিষয়েও সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
শ্রাবণ/মেহেদী/