চাঁদপুরের ফরিদগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই শাহজালাল খানের (৩৮) হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদের (৫৭) মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ৬নং ওয়ার্ড পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত খাজে আহমেদ খান একই গ্রামের মৃত ওমর খানের ছেলে। আহমেদ দুবাই প্রবাসী ছিলেন। এখন বাড়িতে কৃষি কাজ করতেন। তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।
অভিযুক্ত শাহজালালও প্রবাসে ছিলেন। বর্তমানে অটোরিকশা চালক। শাহজালাল ৪ ভাইয়ের মধ্যে ছোট।
তৃতীয় ভাই অলি উল্লাহ খান বলেন, ‘গত কয়েকদিন সম্পত্তির বিরোধ নিয়ে শাহজালাল আমাকে আর নিহত ভাইকে হুমকি দিয়ে আসছিল। সম্পত্তির বিষয়ে সালিশ বৈঠক হলেও শাহজালাল তা মানে না। রাত ১১টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজালাল খাজে আহমেদকে মারধর করে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে আনার চেষ্টা করলে বড় ভাই নুর মোহাম্মদ খানসহ শাহজালাল বাধা দেয়। ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে।
ঘটনার পর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন নিহতের স্ত্রী রুবি আক্তার। পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে সুরতহাল করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শাহজালাল, নুর মোহাম্মদসহ তিনজনকে আটক করা হয়েছে।
ফয়েজ/মৌসুমী/