নরসিংদীর পলাশে তাঁত কারখানার এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে কারখানাটির পাশ থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম এমরান মিয়া। তিনি কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতেন এমরান। গতকাল নাইট ডিউটি করার সময় তিনি হঠাৎ কারখানা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পূর্বশত্রুতার কারণে এই হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
শাওন খন্দকার/অমিয়/