নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে অসহায় এক বিধবা নারীকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে জামায়াতের এক সমর্থকের বিরুদ্ধে।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ওই নারী কাউছারকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত মো. কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই মাস আগে অভিযুক্ত কাউছার একটি সংস্থা থেকে ওই নারীকে টয়লেট বসানোর জন্য ১০টি রিং ব্যবস্থা করে দেন। গত ২৭ ডিসেম্বর শীতের কম্বল নেওয়ার জন্য ওই নারীকে ফোন করেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল আনতে কাউছারের বাড়িতে গেলে তিনি একা পেয়ে ওই নারীকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারী খবরের কাগজকে বলেন, ‘ঘটনাটি কাউকে জানালে আমি এবং আমার ২০ বছর বয়সী মেয়েকে খুন করবে বলে হুমকি দেন কাউছার। আমি প্রাণভয়ে বিষয়টি এতোদিন কাউকে বলিনি। আসামি একজন দুষ্টপ্রকৃতির নারীলোভী ব্যক্তি। আমি তার বিচার চাই।’
অভিযুক্ত মো. কাউছার খবরের কাগজকে বলেন, ‘আমি জামায়াতের একজন সক্রিয় সমর্থক। আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনের জামায়াতের প্রার্থী বেলায়েত হোসেনের কর্মী হিসেবে কাজ করায় এলাকার কিছু কুচক্রী মহল ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে।’
কাউছারকে জামায়াতের সমর্থক দাবি করে চরকাঁকড়া ১নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ খবরের কাগজকে বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে তদন্ত করে দেখব। কাউছার দোষী হলে তার বিচার হবে। অন্যথায় যারা এ ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকেও আমরা ছাড় দেবো না।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম খবরের কাগজকে বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ পেয়েছি। ঘটনার তিন সপ্তাহ পরে বাদি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন/অমিয়/