সতেরো মাস পর প্রথমবারের মত জঙ্গি অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম আহসান জহীর খানকে (৫০)।
পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার আহসান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের’ (জেএমবি) এহসার সদস্য। তিনি ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টা করছিলেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জেএমবি সদস্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম পাশে অভিযান চালিয়ে জেএমবি সদস্য আহসান জহীর খানকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল।
সিটিটিসির বরাতে ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তার আহসান জহীর খান নব্য জেএমবির সক্রিয় সদস্য। তিনি ও তার পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়েছিলেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপসে গ্রুপ চ্যাট, পার্সোনাল চ্যাট ও চ্যানেল ইত্যাদির মাধ্যমে ভিন্ন ভিন্ন ছদ্ম নামে নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করে উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের কার্যক্রম চালিয়ে আসছিল।
তিনি আরও জানান, গ্রেপ্তার জেএমবি সদস্য আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাকে শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তালেবুর রহমান।
শেখ জাহাঙ্গীর/সুমন/