ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাল ব্যবসায়ীকে দোকানের ভেতরেই কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর দোকানের শাটার বন্ধ করে রেখে যায় হত্যাকারীরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত সুসেন চন্দ্র সরকার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের’ মালিক ও উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাত ১১টার দিকে অজ্ঞাতনামা লোকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যার পর দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে রেখে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে শাটার খুলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহতের ছেলে সুজন সরকার বলেন, “আমাদের চালের ব্যবসা দীর্ঘদিনের। আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।”
বাবার হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি।
অমিয়/