জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক হওয়া মতিয়ার রহমান মিন্টু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল শনিবার সকালে সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহল দিচ্ছিল। সে সময় বাইসাইকেলে থাকা মতিয়ার রহমান মিন্টুকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার বাইসাইকেলের সিটের নিচ থেকে টেপ মোড়ানো প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। ঘটনার পর তার বিরুদ্ধে চোরাচালান আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।
সাগর কুমার/নাঈম