মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের জেরে অন্তত ২০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত আরও ২০টি বসতবাড়ি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাতটার দিকে নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক কাউন্সিলার আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এরই জের ধরে সন্ধ্যার আগ মুহূর্ত থেকে রাত ৮টা পর্যন্ত নিহত আলমগীর পক্ষের লোকজন হাসান মুন্সির পক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালায়। ভাঙচুর ও লুটপাট শেষে আগুনে পুড়িয়ে দেওয়া হয় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার, হাসান মুন্সির ঘরসহ অন্তত ২০টি বসতবাড়ি। এ সময় আরও অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আখতার হাওলাদারের সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ইট ও গাছ ফেলে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পোহাতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিসের যৌথ বাহিনী।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার 'নতুন মাদারীপুর' গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদার পক্ষ ও হাসান মুন্সী পক্ষের বিরোধ দীর্ঘদিনের। তবে বিগত বছরগুলোতে এলাকা কিছুটা শান্ত থাকলেও গত ২০২৪ সালের ৫ আগস্টে সরকার পতনের পর মাথাচড়া দিয়ে ওঠে দুইপক্ষ।
২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের পালটাপালটি কমিটি গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়, ঘটে শত শত ককটেল বিস্ফোরণ। কুপিয়ে হত্যা করা হয় হাসান মুন্সির ভাই সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সীকে। এরই জের ধরে মঙ্গলবার সকালে মনিরুজ্জামান আক্তার হাওলদারের সমর্থক আলমগীর হাওলাদারের বসতবাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। বিচ্ছিন্ন করা হাত। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বসতবাড়ি। এই ঘটনায় মাসুদ ব্যাপারী নামে একজনকে আটক করা হয়েছে।
রফিকুল ইসলাম/নাঈম