চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে নাসিমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে হত্যার পর সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়ার নিজের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাসিমা বেগম রাণীনগর-হঠাৎপাড়া গ্রামের মিজানুর রহমান ভেজুর স্ত্রী।
স্থানীয়রা ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে বাড়ির ভেতরে ধারালো অস্ত্রের আঘাতে নাসিমা বেগমকে হত্যা করে মিজানুর। পরে তার মরদেহ বাড়ির বাইরে এনে সেপটিক ট্যাংকে ফেলে দেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি বলেন, ওই বাড়ি তারা দুইজন থাকতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মিজানুর রহমানকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আসাদুল্লাহ/অমিয়/