ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে হত্যার পর টাকাপয়সা নিয়ে মরদেহ দোকানের ভেতরে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মরদেহের পাশে একটি মানিব্যাগ পাওয়া যায়। আর এই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধনের সূত্র ধরেই চক্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭)। ত্রিশাল উপজেলার আমিরাবাডি (সাইনবোর্ড) এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে।
নিহতের শ্রী সুসেন চন্দ্র সরকার (৬২) উপজেলার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর মালিক ছিলেন।
পুলিশ জানায়, গত ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে দোকানের ভেতরে ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর দোকানের শাটার খুলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় মরদেহের পাশে পড়ে থাকা একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। আর এই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন সনদের সূত্র ধরেই অভিযান চালিয়ে তাবারক হোসেন আকন্দ কামালকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন খবরের কাগজকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- গ্রেপ্তার তাবারক হোসেন আকন্দ কামাল এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। ঘটনার সময় তিনি অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে সুসেন চন্দ্র সরকারকে হত্যা করেন। হত্যায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কামরুজ্জামান মিন্টু/অমিয়/