মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদি বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্ধর্ষ ডাকাতরা সাতটি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে তালা ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাজারে ঢুকে প্রথমে বাজারের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে পরিকল্পিতভাবে একে একে সাতটি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এ সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অন্ধকারের সুযোগ নিয়ে তারা নির্বিঘ্নে ডাকাতি চালায়।
ডাকাতরা প্রায় ১১০ ভরি স্বর্ণালংকার, ১ কেজি ৭০০ গ্রাম রুপা, ১০ লাখ টাকার মালামালসহ নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে তারা চলে যান। গভীর রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে ডাকাতরা তাদের দোকানে হানা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এক সঙ্গে এতগুলো স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজারে নিরাপত্তা জোরদার এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রফিকুল ইসলাম/অমিয়/