রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ৭টায় উপজেলার ময়েনপুর ইউনিয়নের কসবা কৃষ্ণনগরগামী কাঁচা রাস্তা সংলগ্ন একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু সাঈদ উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের মো. আজগর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) বাড়ির কাজ শেষে শাল্টির বাজারে যান তিনি। রাত ৮টার দিকে বাজারে চাচা বিপুল মিয়ার সাথে সর্বশেষ দেখা হয় আবু সাঈদের। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করেন। রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার আকমল হোসেনের আম বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশেকে খবর দেয়।
পুলিশ জানায়, খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নুর আলম বলেন, বর্তমানে নিহতের পরিবারের সদস্যরা মিঠাপুকুর থানায় অবস্থান করছেন। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সেলিম সরকার/ আমান