টেকনাফের সাবরাং থেকে লবণবোঝাই ট্রাকে করে ঢাকায় ১ লাখ পিস ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে র্যাব-১৫ সদস্যরা। এ ঘটনায় ট্রাক চালকের সহকারীসহ লবণের মালিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাতে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সামনে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার র্যাব-১৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি সংঘবদ্ধ মাদক চক্র সাবরাং ইউনিয়ন এলাকা দিয়ে লবণবোঝাই ট্রাকে করে ইয়াবার একটি বড় চালান ঢাকায় পাচারের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি আভিযানিক দল সাবরাং ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে ট্রাকটি জব্দ করে।
পরবর্তীতে ট্রাক থেকে লবণ আনলোড করার সময় কয়েকশো মানুষের উপস্থিতিতে নির্দিষ্ট দুটি বস্তা খুলে দেখা যায়, এর ভেতরে ১ লাখ পিস ইয়াবা রয়েছে। এ ঘটনায় ট্রাক চালকের সহকারী কাদের এবং সাবরাং এলাকার বাসিন্দার লবণের মালিক নুর মোহাম্মদকে আটক করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা ও জব্দ ট্রাকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব-১৫।
শাহীন/নাঈম