নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুলিশের গাড়িতে বসেই ৫ জনকে হত্যার হুমকি দিল আশিক নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি। মাদক সেবনের অভিযোগে ওই আসামিসহ ৩ জনকে ১ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
আসামির নাম আশিক (২৯)। সে ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রাম্যমান আদালতে সাজা ঘোষণার পর পুলিশ আসামিদের গাড়িতে তুললে ক্ষিপ্ত হয় আশিক ৫ জনকে প্রকাশ্যে হুমকি দেয়। গাড়ি থেকে চিৎকার দিয়ে ঘোষণা দেয় জেল থেকে বের হয়ে সে ৫ জনকে হত্যা করবে যারা তাকে ধরিয়ে দিয়েছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুমন ও স্থানীয় অধিবাসীরা জানান, দীর্ঘদিন থেকেই ওই এলাকায় মাদক সেবন ও ব্যবসা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ মে) বিকালে মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রতিবেশীদের দ্বন্দ্বের জেরে স্থানীয় এক ছেলেকে মারে আশিকরা। এ দ্বন্দ্বের জেরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. জুবায়ের জাহাঙ্গীর জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় মাদক আইনের ৩৬(৫) ধারায় আবুল হোসেনের ছেলে আশিক (২৯), অপর ছেলে আতিক (২৩) এবং ইব্রাহীম পাঠানের ছেলে বাবুল পাঠান( ৬০) কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কামাল মৃধা/অন্তরা