নাটোরের সিংড়ার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে ৫ বছর বয়সী এক মুসলিম শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সাড়ে ১২ বছর বয়সী এক হিন্দু ধর্মাবলম্বী কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে ওই কিশোরকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৯ মে) দুপুরের পর ওই কিশোরকে কোর্টে চালান দিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত ওই কিশোরের বাড়ি ভুক্তভোগীর বাড়ির পাশের গ্রাম ডাঙ্গাপাড়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ওই শিশুটি বাড়িতে একাই ছিল। এ সুযোগে অভিযুক্ত কিশোর ঘরে প্রবেশ করে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে কিশোরকে ঘরেই আটক করেন। পরে ভুক্তভোগীর স্বজনরা মেয়েটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় রাতেই রাজশাহী মেডিকেলে ভর্তি করেন।
ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতেই ওই কিশোরকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলার পর মঙ্গলবার দুপুরে আসামিকে কোর্টে চালান দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে ওসি জানান, ওই কিশোর পড়াশোনা করে না, ঘুরে বেড়ায়।
কামাল মৃধা/নাঈম