প্রথম অধ্যায় : জীবন পাঠ
উচ্চতরদক্ষতামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটমের ব্যবহার বা উপকারিতা নিয়ে আলোচনা করো।
উত্তর: ব্যাকটেরিয়া: ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ ও প্রতিষেধকের টিকা প্রস্তুত করা হয়। কতিপয় ব্যাকটেরিয়া সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। চা, কফি, তামাক প্রভৃতি প্রক্রিয়াজাতকরণে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ ও প্রাণীর মরদেহ, বর্জ্য পদার্থ ও অন্যান্য জঞ্জাল পচন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মানুষের যক্ষ্মা, নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, আমাশয়, টিটেনাস ইত্যাদি রোগ সৃষ্টি করে। অন্যান্য প্রাণী ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া খাদ্যদ্রব্যকে পচায়। কতিপয় ব্যাকটেরিয়া নাইট্রেটকে ভেঙে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে এবং মাটির উর্বরতা শক্তি কমে, ফলে ফসলের উৎপাদন কমে যায়।
নীলাভ সবুজ শৈবাল: নীলাভ সবুজ শৈবাল বা Nostoc প্রাথমিক খাদ্য উৎপাদক হিসেবে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। Nostoc বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংবন্ধন করে মাটিকে উর্বর করে। অতিমাত্রায় Nostoc উৎপাদিত হলে তা পচে গিয়ে পানি দূষণ ঘটাতে পারে। Nostoc পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে।
আরো পড়ুন : জীবন পাঠ অধ্যায়ের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব
অ্যামিবা: জলজ প্রাণীর খাদ্য হিসেবে অ্যামিবা ব্যবহৃত হয়। এই প্রাণীর শিক্ষামূলক গুরুত্ব বেশি।
প্যারামেসিয়াম: এটি একটি স্বাদুপানির প্রোটোজোয়ন। এই প্রাণীর শিক্ষামূলক গুরুত্ব বেশি। এটি বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদ্য, যা পরোক্ষভাবে পুকুরের উৎপাদনশীলতার ওপর প্রভাব বিস্তার করে।
ডায়াটম: ডায়টম ফাইটোপ্লাঙ্কটন হিসেবে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঙর, কড মাছ ও তিমি মাছের যকৃতে এর তেল সঞ্চিত থাকে, যা ভিটামিন A ও D সমৃদ্ধ। ডায়াটম মাটির বয়লারের তাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এদের দেহ নিঃসৃত চর্বি প্রাকৃতিক জ্বালানির উৎস হিসেবে ব্যবহৃত হয়।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর