২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী ২৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। ৩১ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা শেষ হবে। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশ করা সময়সূচিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিনে ২৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে। বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবেন। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি-পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।
কবীর