ফোক গানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী। এরই মধ্যে গানবিষয়ক একটি রিয়েলিটি শো ‘গানে গানে সেরা’র বিচারক হিসেবে কাজ করেছেন তিনি। আবার স্টেজ শো-এ এরই মধ্যে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। কুষ্টিয়া, টাঙ্গাইল ও গাজীপুরে কয়েকটি স্টেজ শো-তে পারফর্ম করেছেন। দেশ-বিদেশে শাহনাজ বেলীর অসংখ্য ভক্ত আছে। তারা শাহনাজ বেলীর কণ্ঠে গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
এবারের স্টেজ মৌসুমের জোয়ার আগের বছরগুলোর তুলনায় কম বিধায় স্টেজ শো নিয়ে খুব বেশি ব্যস্ত না থাকলেও বেশ ভালো কিছু শো আসছে তার কাছে। নতুন বছরের প্রথম সপ্তাহও শুরু হচ্ছে বেলীর স্টেজ শোর মধ্যদিয়ে। আগামী ৫ জানুয়ারি শাহনাজ বেলী মুন্সীগঞ্জে এবং ১৩ জানুয়ারি একই এলাকায় স্টেজ শো-তে পারফর্ম করবেন।
শাহনাজ বেলী বলেন, ‘দেশের পরিস্থিতি এখনো কিন্তু সবমিলিয়ে স্বাভাবিক নয়। যে কারণে অন্যান্য বছরের তুলনায় স্টেজ শো-ও কিন্তু অনেক কম। আমিও কিন্তু খুব বেশি স্টেজ শো যে পাচ্ছি এমনটা নয়। তার পরও যা করছি তাতে শুকরিয়া। আশা করছি, আগামীতে স্টেজ শো সবারই বাড়বে। আমরা সবাই ঠিক আগের মতো স্টেজ শো-তে ব্যস্ত হয়ে উঠব। সত্যি বলতে কী, বাংলাদেশের মানুষ কিন্তু গানপাগল মানুষ। তাই দেশেজুড়ে যেখানেই যে অনুষ্ঠানই হোক না কেন, অনুষ্ঠান শেষে সবারই ইচ্ছে থাকে গানের আয়োজন রাখতে। আমরাও কিন্তু স্টেজ শো ঘিরেই মন থেকে একটা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় থাকি।’
এদিকে কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে কয়েক বছর আগে শাহনাজ বেলী ‘শাহনাজ বেলী সংগীত একাডেমি’ নামে একটি একাডেমি প্রতিষ্ঠিত করেছেন। সেখানে গান শিখতে আগ্রহীদের গানে তালিম দেওয়া হয়ে থাকে। শাহনাজ বেলীর স্বপ্ন একদিন তার একাডেমি থেকে দেশে অনেক শিল্পী প্রতিষ্ঠা পাবে।
বেলী জানান, আপাতত নতুন কোনো মৌলিক গান করছেন না তিনি। তবে আগামী বছর থেকে নতুন মৌলিক গান প্রকাশে পূর্ণ মনোযোগ দেবেন। মূলত বাবার কাছে বেলী তালিম নেন লালনের গান, মারফতি গান, মুর্শিদি গানের। এখনো তালিম নিচ্ছেন খুরশীদ আলম বয়াতির কাছে বাউলের বিচ্ছেদের বিভিন্ন ধারার গান।
/আবরার জাহিন


.jpg)