মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ আজীবন সম্মাননা পাচ্ছেন দেশের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও খুরশিদ আলম। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তিতে এক আয়োজনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।
এদিন বিকেল ৪টায় কারওয়ান বাজারে ‘ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ভবনের ‘এনএলআই’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২৩’ প্রদান করা হবে।
জানা গেছে, অনুষ্ঠানে সংগীতাঙ্গনের প্রায় অর্ধশত শিল্পী উপস্থিত হয়ে পারফরম্যান্স করবেন। তাদের মধ্যে আছেন সৈয়দ আবদুল হাদী, খুরশিদ আলম, ফকির শাহাবুদ্দীন, রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, এস এম শফি, স্বীকৃতি, সুমি শবনম, সোহেল মেহেদী, তাহরিমা বতুল রিভা, তাবিজ ফারুক, নোলক বাবু, শাহনাজ বাবুসহ অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করবেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কজিম উদ্দিন।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী।
হাসান