মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হন শিশু আছিয়া (৮ বছর)। বিষয়টি দেশজুড়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এর বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে। নেটজুড়েও বইছে সমালোচনার ঝড়।
অবশেষে ঘটনাটি নিয়ে সরব হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এমন জঘন্য কাজের জন্য প্রতিবাদ জানানোর পাশাপাশি শিশুটির জন্য বিচারের দাবি তুলেন তিনি।
এই সুপারস্টার শিশু আছিয়ার জন্য নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, ‘জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।’ প্রিয় তারকার থেকে এমন প্রতিবাদের ভাষা দেখে তার ভক্ত-অনুরাগীরাও বেশ খুশি। এছাড়াও তারা শাকিবের দেয়া পোস্টের মন্তব্যের ঘরে এ অপরাধের দ্রুত বিচার দাবি করেছেন। পাশাপাশি এমন হীন ঘটনার জন্য তীব্র প্রতিবাদও জানান তারা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মাগুরা শহরে (৬ মার্চ) বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন আট বছরের সেই শিশু আছিয়া। ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ। উন্নত চিকিৎসার জন্য গত শনিবার শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
/শাকিল