হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন তার ক্যারিয়ারে দুর্দান্ত সব সিনেমায় কাজ করেছেন। মার্ভেল সিনেমার এই ব্ল্যাক উইডো অভিনেত্রী এবার নির্মাতা হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। ‘এলিয়েনর দ্য গ্রেট’ শিরোনামের একটি সিনেমা পরিচালনা করেছেন এই আমেরিকান অভিনেত্রী। যেটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রদর্শিত হবে।
দ্য হলিউড রিপোর্টার অনুসারে, ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে পরিচালক হিসেবে কানে আত্মপ্রকাশ করবেন এ তারকা। গত বৃহস্পতিবার সকালে প্যারিসে এক সংবাদ সম্মেলনে কানের প্রতিনিধি জেনারেল থিয়েরি ফ্রেমো এবং সভাপতি আইরিস নোবলোখ এই খবর ঘোষণা করেন। কান উৎসবে প্রথমবারের মতো ক্যামেরার পেছনে পা রাখা এ অভিনেত্রীকে তুলে ধরা হবে।

সিনেমার কাহিনি ফ্লোরিডার ৯০ বছর বয়সী এক বৃদ্ধার গল্পকে ঘিরে আবর্তিত হয়েছে যিনি নিউইয়র্ক সিটিতে ১৯ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে অপ্রত্যাশিতভাবে সম্পর্ক গড়ে তোলেন। এই সিনেমায় অভিনয় করেছেন জুন স্কুইব, চিওয়েটেল এজিওফর, জেসিকা হেচট এবং এরিন কেলিম্যান।
দ্য হলিউড রিপোর্টারের মতে, প্যারিসে এক সংবাদ সম্মেলনে কানের প্রতিনিধি জেনারেল থিয়েরি ফ্রেমো এবং সভাপতি আইরিস নোবলোখ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এ বছরের কান উৎসবে ওয়েস অ্যান্ডারসন, অ্যারি অ্যাস্টার এবং কেলি রিচার্ডের মতো বড় নামও রয়েছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই ইভেন্টের লাইনআপের জন্য রেকর্ড ২ হাজার ৯০৯টি চলচ্চিত্র বিবেচনা করা হয়েছিল। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবটি আগামী ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
/শাকিল


.jpg)