বলিউডে এক দশকের ক্যারিয়ারে নিজের অভিনয়-দক্ষতার জানান দিয়েছেন ভূমি পেড়নেকর। সফলতার সঙ্গে কাজ করার পর এই অভিনেত্রী এবার আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এর মাধ্যমে ওটিটি জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন। যদিও ওটিটি জগতে অভিনেত্রীর এটি দীর্ঘ প্রতীক্ষিত পদক্ষেপ, তবে এর আগেও ওয়েব সিরিজে কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল এই অভিনেত্রীকে।
সম্প্রতি এক আলাপচারিতায় ভূমি প্রকাশ করেছেন, তিনি বেশ কয়েকটি ওটিটির কাজ প্রত্যাখ্যান করার পর অবশেষে ‘দ্য রয়্যালস’-এ কাজ করতে সম্মত হয়েছেন।
‘দম লাগা কে হাইশা’খ্যাত এই অভিনেত্রী হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমি এমন কিছু অসাধারণ সিরিজে কাজের সুযোগ পেয়েছি, যেগুলো মুক্তির পর বিশাল সাফল্য পেয়েছে। কিন্তু আমি শেষ পর্যন্ত এই প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত ছিলাম না। অবশ্য দ্য রয়্যালসের সঙ্গে আমি যেভাবে যুক্ত ছিলাম, সেভাবে সংযুক্ত হওয়ার সুযোগ এর আগে আমি পাইনি।’

এই অভিনেত্রীর মতে, এটি এমন এক গল্প, যেটি তিনি এতদিন খুঁজে আসছিলেন। তিনি আরও বলেন, “দ্য রয়্যালস একটি রোমান্টিক-কমেডি জনরার গল্প। আর এই জনরায় কাজ করা আমার সবচেয়ে প্রিয়। যদিও এই ধাঁচের কাজ আমি খুব একটা করিনি। আমি ‘মিলস অ্যান্ড বুন’ উপন্যাস পড়ে বড় হয়েছি। এই কারণেই আমি কোরিয়ান নাটক পছন্দ করি, এটি রোমান্সে ভরপুর।”
‘দ্য রয়্যালস’ তার হৃদয়ের কতটা কাছের, সে সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু থেকে সেরে ওঠার সময়টায় আমি স্ক্রিপ্টটি পড়া শুরু করেছিলাম। আমি পড়া থামাতেই পারছিলাম না। তখনই বুঝতে পারি যে, আমি বিশেষ কিছু খুঁজে পেয়েছি।’

নতুন এ ওয়েব সিরিজে ভূমি একজন শক্তিশালী করপোরেট এক্সিকিউটিভের চরিত্রে অভিনয় করেছেন, যিনি নিজেকে ভারতের সাবেক রাজপরিবারের কৌতূহলোদ্দীপক জগতে আটকে ফেলেন। জানা গেছে, ঈশান খট্টর তার প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন। সিরিজটিতে জিনাত আমান, সাক্ষী তানওয়ার, নোরা ফাতেহি, দিনো মোরিয়া, মিলিন্দ সোমান, চাঙ্কি পান্ডে, বিহান সামাত এবং সুমুখী সুরেশের মতো তারকারা অভিনয় করেছেন।
/শাকিল