ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। সারা বিশ্বে তার অসংখ্য ফ্যান ফলোয়ার। এই ফুটবল তারকাকে এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন ফুটবলপ্রেমীরা।
এবার খ্যাতিমান এই তারকা ও তার ইনস্টিটিউটের কাছ থেকে বিশেষ উপহার একটি ভিনটেজ পানির বোতল সদৃশ বস্তু ও একটি জার্সি পেলেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। উপহারটি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু প্রবাসী বাংলাদেশি ও সামাজিক সংগঠক রবিন মিয়া, যিনি নেইমারের ঘনিষ্ঠজন হিসেবে সবার কাছে পরিচিত। নেইমারের সঙ্গে নানা ইভেন্টেও দেখা যায় তাকে।
রবিন মিয়া বর্তমানে সেলিব্রিটি ক্রিকেট খেলতে ঢাকায় অবস্থান করছেন। আর ঢাকায় ফিরেই ব্রাজিল ফুটবল দল ও নেইমারের একনিষ্ট ভক্ত পলাশের হাতে তুলে দিলেন বিশেষ উপহারটি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে পলাশ বিষয়টি জানিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, পলাশের হাতে একটি ভিনটেজ পানির বোতল সদৃশ বস্তু। তিনি এটি নিয়ে বলছিলেন, এটি একটি বিশেষ উপহার, যেটা পেয়েছি একজন স্পেশাল মানুষের কাছ থেকে! এ সময় পানির সেই বোতলটি রবিন মিয়ার হাতে তুলে দিয়ে এটির বিশেষত্ব বর্ণনা করতে বলেন পলাশ।
রবিন মিয়া বোতলটি হাতে নিয়ে বলেন, এটি মূলত জুনিয়র নেইমার ইনস্টিটিউটের, ঢাকায় বিশেষ মানুষের জন্য তিনি এটি ব্রাজিল থেকে বহন করে নিয়ে এসেছেন। রবিন মিয়া বলেন, ‘পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করে। কারণ সে হলো ডাইহার্ট ব্রাজিল ও নেইমারের সমর্থক।’
পাশে বসা পলাশকে বিশেষ এই উপহারটি তুলে দিয়ে রবিন মিয়া আরও বলেন, ‘আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাব।’
জিয়াউল হক পলাশ বলেন, ‘আমি নিজেও ফাউন্ডেশন নিয়ে কাজ করি, এটি রবিন ভাই আগে থেকেই জানতেন। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের উপরে যে কাজগুলো সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল।
/শাকিল