বিশ্বখ্যাত পপ তারকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। গান দিয়ে দুনিয়াজুড়ে পরিচিতি পাওয়া এই তারকাকে অভিনয়েও হরহামেশাই দেখা যায়। অভিনয়ে জগতে এবার পূর্ণ মনোযোগ দিচ্ছেন এ মার্কিন তারকা। আরিয়ানা অভিনীত ‘উইকড’ ছবির অভাবনীয় সাফল্যের পর এবার জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মিট দ্য প্যারেন্টস’-এর নতুন কিস্তিতে অভিনয় করবেন তিনি।
ডেডলাইন-এর প্রতিবেদন অনুসারে, ছবিটির নির্মাণকাজ ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ২০২৬ সালের নভেম্বরে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন ছবিতে আরিয়ানা নাম ভূমিকায় অভিনয় করছেন বলে জানা গেছে। তবে সিনেমায় তার চরিত্র কেমন হবে বা কাহিনি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘মিট দ্য ফকার্স’-এর নির্মাতা জন হামবুর্গ এই নতুন কিস্তিটি পরিচালনা করবেন। জানা গেছে, নির্মাতার মতো আগের ছবির প্রধান চরিত্র রবার্ট ডি নিরো, বেন স্টিলার, টেরি পোলো এবং ব্লাইথ ড্যানারও নতুন কিস্তিতে ফিরে আসছেন।
প্রসঙ্গত, ‘মিট দ্য প্যারেন্টস’ ফ্র্যাঞ্চাইজির এর আগে আরও তিনটি কিস্তি মুক্তি পেয়েছে যা বিশ্বব্যাপী বক্স অফিস থেকে মোট ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এমনকি এই সিরিজের প্রতিটি ছবিই বক্স অফিসে সফল হয়েছে।
উল্লেখ্য, আরিয়ানা প্রথম তার কর্মজীবন শুরু করেন ২০০৮ সালে ব্রডওয়ে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে। এর দুই বছর পর ২০১০ সালে নিকেলোডিয়নের টিন শো ‘ভিক্টোরিয়াস’-এ অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। তার ঠিক এক বছর পর নিজের প্রথম একক গান ‘পুট ইয়োর হার্টস আপ’ প্রকাশ করে ধীরে ধীরে নিজেকে গানের জগতে প্রতিষ্ঠিত করেন।
/এমএস