সৃষ্টিশীল কাজের জন্য পাইরেসি একটি অভিশাপ। মাঝে মাঝেই হলিউড, বলিউড কিংবা বাংলাসহ পৃথিবীর সব ইন্ডাস্ট্রির সিনেমা পাইরেসি হয়ে যায়। কখনো কখনো সিনেমা মুক্তির কয়েক ঘণ্টা পরই সেসব পাইরেসি হয়। ফলে ক্ষতির সম্মুখীন হয় প্রযোজক। গত ঈদে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসি হয়। এবার খবর মিলছে, ছোট পর্দার আলোচিত কনটেন্ট ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনটিও পাইরেসি হয়ে গেছে।
সিজনটি ওটিটি, টিভি ও ইউটিউবে সম্প্রতি ধারাবাহিকভাবে প্রচার হয়ে আসছিল। গত মাসে বঙ্গ অ্যাপে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রথম ৮ পর্ব মুক্তি পেয়েছে। ইউটিউবের পাশাপাশি নাটকটি চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে ১০ জুলাই থেকে, প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে। এই সিরিজটিও পাইরেসির কবল থেকে রেহাই পেল না- এমনটাই জানান এর নির্মাতা-প্রযোজক কাজল আরেফিন অমি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে নির্মাতা অমি লিখেছেন, “বিনা অনুমতিতে যারা ‘ব্যাচেলর পয়েন্টের’ ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।’’
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম, ফারিয়া শাহরিন প্রমুখ।
/এমএস