লালন সংগীতের প্রখ্যাত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডায়ালাইসিস করার সময় অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারভীন। এরপর রাতে কয়েক দফা বমি করার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা করে আইসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের স্বামী কিংবদন্তী বংশীবাদক গাজী আব্দুল হাকিম। তিনি বলেন, ‘‘ফরিদা পারভীন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার শারীরিক অবস্থা বেশি ভালো না। সবাই উনার জন্য দোয়া করবেন’’।
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন এই শিল্পী। এর আগে গত মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। কিছুদিন চিকিৎসা শেষে তখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, কিডনি ছাড়াও ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডজনিত জটিলতায় তিনি ভুগছেন।
/এস লুপিন