অবশেষে ‘আকা’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এদিকে ক্যারিয়ারে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আর এই দুই তারকার ‘আকা’ সিরিজটি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)। রহস্য, প্রতিশোধ, টানটান উত্তেজনা আর মানবিক সম্পর্ক ঘিরে নির্মিত ৭ পর্বের এই সোশ্যাল থ্রিলার পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ।
এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলী, সমু চৌধুরী, সেমন্তি সৌমী, নিকিতা সাহা প্রমুখ।
গল্পে দেখা যাবে- আজাদ গভীরভাবে ক্ষতবিক্ষত এক মানুষ। যাকে শৈশব থেকে তাড়া করে ফিরেছে ভয়াবহ ট্র্যাজেডি। ছোটবেলায় নিজ পরিবারে ঘটে যাওয়া নির্মম ঘটনা প্রত্যক্ষ করার পর থেকে সে সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়। নিঃসঙ্গ ও অপূর্ণ এক জীবন কাটালেও, তার অসাধারণ সংগীত প্রতিভা থেকে যায় অদেখা আর অমূল্যায়িত। সিরিজের নাম-ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। এদিকে আজাদের সঙ্গে মেঘার আকস্মিক সাক্ষাৎ যেন ক্ষণিকের আশার আলো আনে জীবনে। তবে অতীতের ক্ষত আজাদকে তাড়িয়ে বেড়ায়। স্বীকৃতির আকাঙ্ক্ষায় সে ঘটাতে থাকে নৃশংস সব ঘটনা। যা গোটা সমাজকে স্তম্ভিত করে দেয়। সিরিজে মেঘা চরিত্রে অভিনয় করেছেন নাবিলা। এতে সাহসী এক নারী চরিত্রে কাজ করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভিকি জাহেদ নিজেই।
/আবরার জাহিন


.jpg)