এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৫ নিউইয়র্কের ইউবিএস এরেনা থেকে সম্প্রচারিত হয়েছে। আসরটি ছিল নতুন, পুরোনো, তরুণ ও কিংবদন্তিদের মিলনমেলা। এবার লেডি গাগা একাই চারটি বিভাগে পুরস্কার জিতে চমক দিয়েছেন। আরিয়ানা গ্রান্ডে ও সাবরিনা কারপেন্টারও পেয়েছেন একাধিক পুরস্কার।
প্রধান পুরস্কারগুলোর মধ্যে ছিল বছরের সেরা ভিডিও। ‘ব্রাইটার ডেইজ অ্যাহেড’ গানের জন্য এটি জিতেছেন আরিয়ানা গ্রান্ডে। এ ছাড়া এ গানই জিতেছে দীর্ঘরূপ গানের বিভাগে এবং সেরা পপ গানের পুরস্কারও।
সেরা শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন লেডি গাগা। তিনি ‘আব্রাকাডাবরা’ গানের জন্য সেরা নির্দেশনা এবং সেরা শিল্প নির্দেশনার পুরস্কারও জিতেছেন।
সংগীতজগতে গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার গেছে টেট ম্যাকরেইয়ের হাতে। তার গান ‘জাস্ট কিপ ওয়াচিং’-এর জন্য পুরস্কার পেয়েছেন তিনি। একই গান জিতেছে সেরা সম্পাদনার পুরস্কারও।
বছরের সেরা গান নির্বাচিত হয়েছে রোজে ও ব্রুনো মার্সের ‘অ্যাপার্টমেন্ট’। এই যুগল আরও একটি পুরস্কার পেয়েছেন সেরা সহযোগিতা বিভাগের জন্য ‘ডাই উইথ অ্যা স্মাইল’ গানের মাধ্যমে। সেখানে লেডি গাগাও ছিলেন অংশীদার।
নতুন শিল্পীদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন অ্যালেক্স ওয়ারেন। সেরা পপ শিল্পী হিসেবে বিজয়ী হয়েছেন সাবরিনা কারপেন্টার। তার ‘শর্ট এন সুইট’ অ্যালবাম পেয়েছে সেরা অ্যালবামের পুরস্কার।
অন্যান্য বিভাগে পুরস্কৃত হয়েছেন যারা
সেরা হিপ-হপ: ডোচি - ‘অ্যাংজাইটি’, সেরা রক: কোল্ড প্লে - ‘অল মাই লাভ’, সেরা লাতিন: শাকিরা - ‘সোলতেরা’, সেরা চিত্রগ্রহণ: কেনড্রিক লামার - ‘নট লাইক আস’, সেরা নৃত্য পরিকল্পনা: ডোচি - ‘অ্যাংজাইটি’, সেরা ভিজুয়াল প্রভাব: সাবরিনা কারপেন্টার - ‘ম্যানচাইল্ড’, সেরা দল: ব্ল্যাকপিংক, সেরা কে-পপ: লিসা (ডোজা ক্যাট ও রায়েকে সঙ্গে নিয়ে) - ‘বোর্ন অ্যাগেইন’, সেরা আফ্রোবিটস: টাইলা – ‘পুশ টু স্টার্ট’। এ ছাড়া বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন-ভিডিও ভ্যাঙ্গার্ড সম্মাননা: মারাইয়া কেরি, রক দ্য বেলস ভিশনারি সম্মাননা: বাস্তা রাইমস ও লাতিন আইকন সম্মাননা: রিকি মার্টিন।
/আবরার জাহিন