বলিউড তারকা কাজল এবং সুপারস্টার অক্ষয় কুমারের স্ত্রী ও লেখক টুইঙ্কল খান্না তাদের নতুন টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ নিয়ে পর্দায় আসছেন। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এই শোর টিজার উন্মোচন করা হয়। টিজারে দেখা গেছে সালমান খান, আমির খান, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, ভিকি কৌশল, গোবিন্দসহ একাধিক তারকা অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে এখানে আলাদাভাবে ভক্তদের নজরে এসেছে শাহরুখ খানের অনুপস্থিতি।
বিষয়টি নিয়ে তাই ভক্তদের মাঝে অনেক প্রশ্ন উঠছে। কেননা বলিউডে শাহরুখ-কাজলের বন্ধুত্বের সম্পর্ক যে কতটা ঘনিষ্ঠ সেটা সবারই জানা। কিন্তু টিজারে এত এত তারকাকে দেখা গেলেও বলিউড বাদশাহর না থাকার কারণ কি?
এ বিষয়ে অনুষ্ঠানে প্রশ্ন করা হলে কাজল বলেন, ‘এটি কেবলই গুজব। এ প্রসঙ্গে শাহরুখের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে পারেন। তিনি যদি মঞ্চে (টকশো) আসেন, তখন জিজ্ঞেস করবেন।’ টুইঙ্কল খান্নাকে প্রশ্ন করা হলে রসিক ভঙ্গিতে তার জবাব, ‘শাহরুখ এসেছিলেন, আমরা তাকে প্রশ্ন করেছিলাম। কিন্তু তিনি উত্তর দেননি। কিছুক্ষণ পর তিনি রেস্টরুমে চলে যান। পরে বুঝলাম, আমরা এখনও তার ডেট পাইনি। শেষ পর্যন্ত তার একটি কার্ডবোর্ড কাট-আউট নিয়ে কাজ চালাতে হয়েছে। টকশোর সম্প্রচার শুরু হলে সেটা ভক্তরা ব্লুপারে দেখতে পারবে।’
বানিজয় এশিয়া প্রযোজিত এবং প্রাইম ভিডিওতে প্রচারিত এই শো ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। প্রতি বৃহস্পতিবার ‘টু মাচ’-এর একটি করে নতুন পর্ব প্রচারিত হবে। শোতে অতিথি হিসেবে থাকবেন সালমান খান, আমির খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, করণ জোহর, কৃতি শ্যানন, ভিকি কৌশল, গোবিন্দ ও জাহ্নবী কাপুরের মতো তারকারা।
উপস্থাপনার অভিজ্ঞতা নিয়ে কাজল বলেন, ‘টুইঙ্কল আর আমি বহুদিনের বন্ধু। আমাদের গল্প-আড্ডা সব সময়ই আনন্দময় হয়ে থাকে। সেই অভিজ্ঞতা থেকেই এই শোর মূল ভাবনাটি এসেছে।’
/এমএস