নির্মাতা হিসেবে বলিউড অভিষেকেই চমক দেখালেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নির্মিত প্রথম নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। মুক্তির পর থেকেই এটি নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
সিরিজটি বলিউডের অন্দরমহলের গল্প নিয়ে তৈরি করা হয়েছে, যেখানে ইন্ডাস্ট্রির তারকাদের একটি বড় অংশকে একসঙ্গে দেখা যাবে। এই সিরিজে বলিউডের এক সুপারস্টারের ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল। তার চরিত্রটি ব্যাপক সাড়া পেয়েছে। সঙ্গে অধিকাংশ দর্শকের কাছেই অভিষেক কাজ দিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন আরিয়ান।
মুক্তির কিছুদিনের মধ্যেই নেটফ্লিক্সের ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেতা ববি দেওল বলেন, ‘তিন দশক ধরে যে ইন্ডাস্ট্রিতে আছি, সেটাকে পর্দায় দেখা দারুণ অভিজ্ঞতা; আর দর্শকও এ সিরিজ এবং আমার চরিত্র পছন্দ করছেন দেখে বেশ ভালো লাগছে। পুরো বিশ্ব থেকে আমরা যে ভালোবাসা পাচ্ছি, তার জন্য কৃতজ্ঞ।’
এ সিরিজে আরো অভিনয় করেছেন লক্ষ্য, সাহেদ বাম্বা, রাঘব জুয়াল, ইমরান হাশমিসহ অনেকে। এ ছাড়া অতিথি চরিত্রে হাজির হয়েছেন শাহরুখ, সালমান, আমির, রণবীরসহ আরো অনেক তারকা।
/এমএস