ব্রিটিশ পপতারকা ডুয়া লিপা এবার ফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণে নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন। এ বছর জুলাইয়ে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী আইরিশ র্যাপ ব্যান্ড নিক্যাপকে কনসার্টের লাইনআপ থেকে বাদ দিতে আয়োজকদের কাছে পাঠানো এক চিঠিতে স্বাক্ষর করেছিলেন লেভি। দ্য মেইলের বরাতে কাতারি সংবাদমাধ্যম আলজাজিরা এমন তথ্য জানিয়েছে।
এই গ্লাস্টনবারি ফেস্টিভ্যালের আগে সংগীতের একদল ব্যক্তিত্ব এবং শিল্পী প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে একটি ব্যক্তিগত চিঠি পাঠায়। সেই চিঠিতে আইরিশ র্যাপ ব্যান্ড নিক্যাপকে লাইনআপ থেকে বাদ দিতে অনুরোধ করা হয়েছিল। এর পক্ষে সেই চিঠিতে ডুয়া লিপার ম্যানেজারও স্বাক্ষর করেন।
কিন্তু পরবর্তীতে চিঠিটি ফাঁস হয়ে গেলে মিউজিক ইন্ডাস্ট্রির অন্যদের কাছ থেকে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে নিক্যাপ শেষ পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুসারেই গান পরিবেশনা করে।
ব্রিটিশ এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গাজার যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মতো একটি চিঠিতে সই করার কারণেই লেভিকে বরখাস্ত করেন ডুয়া লিপা। এ ছাড়া এই শিল্পীর পক্ষ থেকে একটি সূত্র জানায়, ফিলিস্তিনের প্রতি ডুয়া লিপার যে সমর্থন রয়েছে, তা তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এমনকি তার সাবেক এজেন্ট ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের পক্ষপাতীও ছিল, যা ইসরায়েলের প্রতি তার সমর্থনকে স্পষ্ট করে। তাই এমন কঠোর সিদ্ধান্ত নিলেন এই সংগীতশিল্পী।
/এমএস