কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী আইরিন তানি। বিয়ে, বিয়ে-পরবর্তী সংসার, সন্তান নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে যেহেতু অভিনয়ের প্রতি তার রয়েছে অদম্য ভালোবাসা, তাই আবারও অভিনয়ের দুনিয়ায় নতুন করে যাত্রা শুরু করেছেন তিনি।
‘তুই’ শিরোনামের একটি হাস্যরসাত্মক গল্পের নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আইরিন তানি অভিনয়ে ফিরেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। ইতোমধ্যে গত ৬ নভেম্বর নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
‘তুই’ নাটকে আইরিন তানির সহশিল্পী সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর আগে মোশাররফ করিমের সঙ্গে আইরিন তানি ধারাবাহিক নাটক ‘লং মার্চ’, ‘রেড সিগন্যাল’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়েছিল’, ‘সিনেমা হল’, একক নাটক ‘মুদ্রা দোষ’, ‘হাতেম আলী’, ‘শর্টকাট’সহ আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।
আবারও অভিনয়ে ফেরার প্রসঙ্গে আইরিন তানি বলেন, ‘চার বছর পর অভিনয়ে ফিরেছি। পরম সৌভাগ্য যে আমার বহু নাটকের অন্যতম সহশিল্পী শ্রদ্ধেয় মোশাররফ করিম ভাইয়ের সঙ্গেই নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছি। আমার পুত্র সন্তানের বয়স ২ বছর ১১ মাস। যে কারণেই এখন একটু একটু করে কাজে ফেরা। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাও আবার মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে।
মোশাররফ ভাই সেই আগেরই মতো খুব সহযোগিতাপরায়ণ একজন সহশিল্পী। তিনি আগেও আমাকে ভীষণ স্নেহ করতেন, পরামর্শ দিতেন। অনেকদিন পর কাজ করতে গিয়ে সত্যিই কিছুটা আবেগাপ্লুতও হয়ে পড়েছিলাম। সেটের সবাই ভীষণ অনুপ্রেরণাও দিয়েছে। যে কারণে অভিনয় করতেও ভীষণ ভালো লেগেছে। আশা করছি তুই নাটকটি দর্শকের ভালো লাগবে।’
আইরিন তানি চার বছর আগে সর্বশেষ যে নাটকগুলোতে অভিনয় করেছিলেন সেগুলো হলো- ‘কাপল টিকেট’, ‘প্লিজ মাফ করবেন’, ধারাবাহিক নাটক ‘মান অভিমান’, ‘বউ শাশুড়ি’ ও ‘বকুলপুর’। বাদল খন্দকারের ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন আইরিন তানি। এরপরও বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন।
/এমএস