জীবনে মাতৃত্বকে এবার নতুনভাবে সংজ্ঞায়িত করলেন হলিউড অভিনেত্রী ও প্রযোজক ইভা লঙ্গোরিয়া। সম্প্রতি তিনি ‘দ্য সানডে টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে ৪৩ বছর বয়সে মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। লঙ্গোরিয়ার মতে, এই সময়টিই তার ব্যক্তিগত যাত্রা ও মানসিক পরিপক্বতার জন্য উপযুক্ত ছিল। তাই মাঝ বয়সে এসে মাতৃত্বের স্বাদ গ্রহণ তার জন্য সঠিক সময় ছিল বলে মনে করেন তিনি।
সাক্ষাৎকারে লঙ্গোরিয়া জানান, এই এত বছরের অপেক্ষা তাকে তার ক্যারিয়ারকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার সুযোগ দিয়েছে। তাই চল্লিশোর্ধ্ব বয়সে অভিভাবকত্বে তিনি ‘অনেক বেশি জ্ঞান ও ধৈর্য’ নিয়ে আসতে পেরেছেন। তার মতে, জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তাকে আরও শান্ত, সচেতন এবং একজন মা হিসেবে প্রস্তুত হিসেবে গড়ে তুলেছে।
জীবনের বিভিন্ন সময়ে মানুষের অগ্রাধিকার পরিবর্তন হয় উল্লেখ করে লঙ্গোরিয়া বলেন, ‘এখন যেকোনো কাজ গ্রহণের আগে আমি আমার ছেলের বিষয়টি মাথায় রাখি। ছেলের থেকে যতটা সময় দূরে থাকতে হবে সেটা তার প্রতি অন্যায় করা হবে কি না, এটা বিবেচনায় রাখি আমি।’ এভাবে সিদ্ধান্ত গ্রহণ করা অভিনেত্রীর পেশাগত জীবন এবং মাতৃত্ব- উভয় ভূমিকায় আরও পরিপূর্ণতা এনে দিচ্ছে।
এ ছাড়া মাতৃত্বের আগে পরিপূর্ণ জীবনের কথা বলেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। বিশ্ব ভ্রমণ, সফল ক্যারিয়ার ও নিজেকে সময় দেওয়ার সুযোগ- সবকিছু তিনি আগেই উপভোগ করেছেন। তাই এখন পেশাগত জীবনে লঙ্গোরিয়া যাই করছেন, এগুলো এখন কেবল উপভোগ করতে চান। স্বামী জোসে ‘পেপে’ বাস্টনের সহযোগিতার কথাও লঙ্গোরিয়া বিশেষভাবে উল্লেখ করেন। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১৮ সালে ছেলে সন্তান সান্তিয়াগোর জন্ম দেন এই অভিনেত্রী।
৪০-এর পর ইভা লঙ্গোরিয়ার মাতৃত্বের এই যাত্রা বর্তমান সময়ে বহু নারীর জন্য অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে। যেখানে ব্যক্তিগত প্রস্তুতি, মানসিক পরিপক্বতা এবং নিজস্ব সময়ের গুরুত্বই প্রধান হয়ে ওঠে।
/এমএস