ভৌতিক ঘরানার হলিউড ক্ল্যাসিক ‘দ্য এক্সরসিস্ট’ আবারও নতুনরূপে ফিরছে। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত এর মূল সিনেমাটি আজও এই ঘরানার অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। এবার পরিচালক মাইক ফ্লানাগান ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মার্কিন তারকা স্কারলেট জোহানসন।
ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য অ্যাভেঞ্জার্স’, ‘আন্ডার দ্য স্কিন’, ‘লুসি’খ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসন আনুষ্ঠানিকভাবে ‘দ্য এক্সরসিস্ট’-এর রিবুট চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রকল্পটি পরিচালনা করার পাশাপাশি এর চিত্রনাট্য এবং প্রযোজনার দায়িত্বও পালন করবেন মাইক ফ্লানাগান।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ছবিটি এই ঘরানার একটি নতুন রূপ হবে, যা মূল ত্রয়ীর সিকুয়েল নয়। বরং ‘দ্য এক্সরসিস্ট’-এর একই জগৎকে ভিত্তি করে সম্পূর্ণ নতুন গল্প তুলে ধরা হবে এখানে।
উল্লেখ্য, এর আগে ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য এক্সরসিস্ট’-এর মূল সিনেমাটি উইলিয়াম পিটার ব্ল্যাটির উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছিল। ছবিতে একটি অল্পবয়সী মেয়ের ওপর এক দানবীয় আত্মা ভর করে, যা তাকে সম্পূর্ণরূপে মূলে পরিবর্তন করে দেয়। উদ্ভূত পরিস্থিতি থেকে মেয়েটিকে উদ্ধার করতে তার পরিবারের সংগ্রামের গল্পই এখানে তুলে ধরা হয়েছে।
ছবিটি সেই সময়ের দর্শকদের দ্বারা ব্যাপক প্রশংসিত হয়েছিল এবং সর্বকালের অন্যতম আইকনিক ছবিতে পরিণত হয়। এমনকি ‘দ্য এক্সরসিস্ট’ তখন অস্কারে ১০টি মনোনয়নও অর্জন করে। সময়ের সঙ্গে সঙ্গে এটি ভৌতিক চলচ্চিত্র জগতের এক অনন্য দৃষ্টান্তে পরিণত হয়।
ফ্র্যাঞ্চাইজিটিতে মূল ছবির দুটি সরাসরি সিক্যুয়েলসহ রয়েছে ‘এক্সরসিস্ট: দ্য বিগিনিং’, ‘ডোমিনিয়ন: প্রিকুয়েল টু দ্য এক্সরসিস্ট’ এবং সাম্প্রতিক সময়ে প্রেক্ষাগৃহে আসা ‘দ্য এক্সরসিস্ট: বিলিভার’। এ ছাড়া একটি টিভি সিরিজ ও ভিডিও গেমও জনপ্রিয় এই সিরিজের অংশ।
/এমএস