জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা। নিয়মিত নতুন গানের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নাটক, সিনেমা, বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল এবং সিঙ্গেল মিউজিক ভিডিওতেও নিয়মিত এই কণ্ঠশিল্পী। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে কনা একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সুন্দর করে মেহেদি লাগানো দুই হাতে, খোঁপায় ফুল, পরনে সবুজ পোশাক। কনা এ ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার হাতে মেহেদি।’
পোস্ট করা ছবির মন্তব্যের ঘরে অনেকেই কনাকে অভিনন্দন জানিয়েছেন। এ কারণেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আবারও বিয়ে করতে যাচ্ছেন কনা? যদিও ছবিতে কনার পাশে কাউকে দেখা যায়নি। তবে ছবিতে কাউকে দেখা না গেলেও অনেকেই সবাই ধারণা করছেন কনা হয়তো বিয়ে করছেন।
যদিও এ বিষয়ে বরাবরই নীরব এই গায়িকা। এ প্রসঙ্গে কনা বলেন, ‘এ মুহূর্তে কিছু বলতে চাই না। সবাই আমার জন্য দোয়া করুন। সঠিক সময়ে সবাইকে সবকিছু জানাব, আমাকে সময় দিন আপনারা।’
তবে খবরের কাগজকে সংগীতাঙ্গনের একাধিক সূত্র নিশ্চিত করেছে এটি কনার বিয়ে বা হলুদের কোনো ছবি নয়। এই ছবিকে কনা বেছে নিয়েছেন নতুন গানের প্রচারের কৌশল হিসেবে।
জানা গেছে, শিগগিরই কনার গাওয়া একটি হলুদের গান আসতে যাচ্ছে। ইতোমধ্যেই গান এবং ভিডিও নির্মিত সম্পন্ন হয়েছে। আর এই গানের প্রচারেই এমন অভিনব কৌশলী হয়েছেন কনা।
এদিকে, কনা ভালোবেসে বিয়ে করেছিলেন ইফতেখার গহীনকে। দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন এই জুটি। কিন্তু হঠাৎ করেই ৬ বছর সংসারের পর মো. ইফতেখার গহীনের সঙ্গে ডিভোর্স হয় এই গায়িকার। গত ১৬ জুন বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন কনা।
বিচ্ছেদের খবর জানিয়ে কনা ফেসবুকে লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহীন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’
তিনি আরও লেখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। এ মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।’
এদিকে বিচ্ছেদের পর থেকেই কনার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। শোনা যাচ্ছে, এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই শিল্পী।


.jpg)