বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম দর্শকপ্রিয় সিনেমা ছিল নায়ক রাজ রাজ্জাক ও কবরী অভিনীত কাজী জহির পরিচালিত ‘ময়না মতি’ সিনেমাটি। এই সিনেমার ‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়’ গানটি এখনো দর্শকের কাছে ভীষণ প্রিয়। সেই ‘ময়না মতি’ সিনেমার কথা এই সময়ের দর্শকের অনেকেরই অজানা। তবে এই সময়ের দর্শকের জন্য নাট্যনির্মাতা ইকসান রনি ময়না ও মতির গল্প নিয়ে নির্মাণ করেছেন নাটক ‘ময়না মতির গল্প’।
নাটকটি রচনা করেছেন ফরহাদ হোসেন। এরই মধ্যে রাজধানীর মহানগর এলাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষে হয়েছে। নাটকে ‘ময়না’ চরিত্রে অভিনয় করেছেন লাক্সতারকা নীলাঞ্জনা নীলা। তাকে নিয়ে ময়না চরিত্রে কাজ করে তৃপ্ত নির্মাতা ইকসান রনি।
নাটকে অভিনয় প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন, ‘ইকসান রনি ভাইয়ের নির্দেশনায় এটা ছিল আমার প্রথম কাজ। ময়না একজন ধর্ষিতা মেয়ে। এই ধরনের চরিত্র ফুটিয়ে তোলা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জটা সহজ করে দিয়েছেন ইকসান রনি ভাই। পুরো ইউনিট এত আন্তরিক এবং হেল্পফুল, যা আমাকে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে ভীষণ অনুপ্রাণিত করেছে। ময়না চরিত্রটি আমার অভিনয়জীবনের অন্যতম সেরা একটি চরিত্র। আমি কৃতজ্ঞ পরিচালকের কাছে এবং কাজটি নিয়ে খুব আশাবাদী।’
নাটক প্রসঙ্গে পরিচালক রনি বলেন, “আমি এ পর্যন্ত বেশকিছু নাটক নির্মাণ করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ‘বাবাও মানুষ’। এতে নাম-ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই, তানিয়া বৃষ্টিও অসাধারণ অভিনয় করেছেন। তো এই নাটকে ময়না চরিত্রে নীলাকে নিয়ে কাজ করেছি। নীলাও এক কথায় তার চরিত্রে ছিলেন অনবদ্য। আমি আমার কাজ বলেই বলছি না, যে শ্রম দিয়ে কষ্ট করে আমরা গল্পটা বলার চেষ্টা করেছি, আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে।” পরিচালক জানান, নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে শিগগিরই প্রচার হবে।
প্রসঙ্গত, নীলাঞ্জনা নীলা প্রথমে আলোচনায় আসেন বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয় করে। এরই মধ্যে আরও বেশকিছু নাটকে অভিনয় করে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘অন্তর্বর্তী’ ও ‘রুক্সার’ নামের দুটি সিনেমার কাজ। আগামী ১০ জানুয়ারি নীলা মোশাররফ করিমের বিপরীতে একটি নাটকের কাজে ব্যস্ত থাকবেন। তার বিপরীতে নীলার অন্যতম জনপ্রিয় নাটক হচ্ছে ‘জামাই বউ অতি চালাক’।