অস্বাভাবিক ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে মধ্য ইউরোপ। এই অঞ্চলের প্রায় চারটি দেশ ভয়াবহ বন্যায় আক্রান্ত। দেশগুলো হলো পোল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক ও রোমানিয়া। এ ছাড়া আক্রান্ত হওয়ার প্রহর গুনছে হাঙ্গেরি ও স্লোভাকিয়া।
বন্যাকবলিত দেশগুলোতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রোমানিয়ায় ৭, পোল্যান্ডে ৫, চেক রিপাবলিকে ৩ এবং অস্ট্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে।
নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকদিন ধরে দেশগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বন্যাকবলিত অঞ্চলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আক্রান্তদের সরিয়ে নেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন।
বৈঠকে তিনি দুর্যোগপূর্ণ এলাকার জন্য সরকারি তহবিল থেকে ২৬০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেন। দেশটিতে বন্যার ফলে অসংখ্য বাঁধ ও নদীর পাড় ভেঙে পড়ায় রাস্তাগুলো কাদা এবং পলিতে ঢাকা পড়েছে। ফলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রাজধানী ওয়ারশসহ অনেক পোলিশ শহর থেকে খাদ্য সহায়তার আহ্বান জানানো হয়েছে।
চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় জেসেনিক এলাকায় এক পুরুষ এবং এক নারী পানিতে ডুবে মারা গেছে। যেখানে কয়েকদিন ধরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। পোল্যন্ড সীমান্তবর্তী অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
এখানকার হাজার হাজার মানুষ আবাস ত্যাগ করে নিরাপদ স্থানে সরে গেছে বলে জানা গেছে। চেক প্রধানমন্ত্রী পেতর ফিয়ালা জেসেনিক সফরে ফিয়ে বলেছেন, ‘আমরা ভয়াবহ ক্ষতির সামনে দাঁড়িয়ে, আমাদেরকে সম্মিলিতভাবে সব ক্ষতি মোকাবিলা করতে হবে।’
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের মেয়র স্থানীয়দের সতর্ক করে বলেছেন, এক সপ্তাহের মধ্যে দেশটির রাজধানী এবং আশপাশের এলাকা দশকের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে। এমতাবস্থায় দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপিয়ান পার্লামেন্টের আজকের বৈঠকে তার সফর স্থগিত করেছেন।
তিনি বলেছেন, ‘যতক্ষণ আমরা ভালো অবস্থায় না পৌঁছাব, আমি দেশের বাইরে কোথাও যাব না।’ সূত্র: এপি