পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শিয়া তীর্থযাত্রীদের যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে প্রদেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ নভেম্বর) পুলিশ জানিয়েছে, কুরাম উপজাতী এলাকায় পুলিশ পাহারায় থাকা শিয়া তীর্থযাত্রীদের দুটি পৃথক গাড়িবহরে বন্দুকধারীরা হামলা চালায়। তবে হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল কুরামে ভূমি ভাগাভাগি নিয়ে শিয়া ও সুন্নির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। এই বিরোধ থেকে বড় ধরনের সহিংস ঘটনা ঘটেছে। গত জুলাই থেকে এই সহিংসতা আরও বেড়েছে।
কুরামের ডেপুটি কমিশনার জাভেদুল্লাহ মেহসুদ জানান, তীর্থযাত্রীদের গাড়িবহরগুলো যখন পারাচিনা জেলা সদর থেকে পেশোয়ারের পথে ছিল তখন হামলার সম্মুখীন হয়। সব লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
মেহসুদ জানান, গত রাতে সুন্নি গোষ্ঠীর হাতে বন্দি থাকা ২৬ জন শিয়া সম্প্রদায়ের লোকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও ছিল। সূত্র: আল-জাজিরা