ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে রাশিয়া ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের জ্বালানিমন্ত্রী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো (Herman Halushchenko) তার ফেসবুক পেজে এই তথ্য দেন।
তিনি তার পোস্টে বলেন, ‘ইউক্রেনের প্রায় সব জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ফলে জরুরি বিদ্যুতের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার ইউক্রেন সারাদেশে রাশিয়ার মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে।
ইউক্রেনের বিমানবাহিনী আরও রকেট হামলার আশঙ্কা করছে। বিশেষ করে রিভনে, ভিনিৎসিয়া, ক্রোপিভিনৎস্কি, বাল্টা এবং মিকোলাইভসহ দেশটির অনেক অঞ্চলে রকেট হামলা হতে পারে বলে সতর্কতা জারি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।
ইউক্রেন কর্তৃপক্ষের তথ্যমতে, সম্প্রতি রাশিয়া ইউক্রেনজুড়ে প্রায় দেড় হাজার মিসাইল হামলা চালায়।
ইউক্রেনের আঞ্চলিক গণমাধ্যম আউটলেট জারকালো টাজানহার (Zerkalo Tyzhnya) প্রতিবেদন অনুসারে ওডেসা শহর থেকে ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ওডেশার গর্ভনর ওলিগ কিপার জনগণকে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করেছেন। সূত্র : বিবিসি
সুমন বিশ্বাস/অমিয়/