ভারতের ছত্তিশগড় প্রদেশে মাওবাদী বিদ্রোহিদের বোমা হামলায় আটজন পুলিশ সদস্য ও এক গাড়িচালক প্রাণ হারান।
সোমবারের (৬ জানুয়ারি) স্থানীয় পুলিশের বরাতে ঘটনাটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রদেশের বিজাপুর জেলায় চলাচলের সময় পুলিশের গাড়িতে বোমা নিক্ষেপের পর এই হতাহতের ঘটনা ঘটে।
সম্প্রতি ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার হারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
গত কয়েকমাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের কয়েকদফা গুলি বিনিময়ে প্রতিপক্ষ শিবিরের বেশ কয়েকজন সদস্য মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে উত্তরভারতীয় ছত্তিশগড় ও আশেপাশের প্রদেশ প্রায় এক দশক যাবত মাওপন্থি বিদ্রোহীদের আক্রমণের সাক্ষী হয়েছে।
বামপন্থি চীনা নেতা মাও সেতুংয়ের আদর্শের অনুসারী এই বিদ্রোহীরা সরকার বিরোধী গেরিলা আক্রমণ পরিচালনার জন্য কুখ্যাত।
বিদ্রোহীদের দাবি, ভারতের কৃষিজমি ও খনিজ সম্পদের ওপর ধনী শিল্পপতিদের
প্রভাব কমিয়ে কৃষক ও গরিব জনসাধারণের কর্তৃত্ব কায়েম করতেই তারা সশস্ত্র আক্রমণ চালাচ্ছেন। সূত্র: রয়টার্স
নাইমুর/