লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরে যেতে কঠোর বার্তা দিয়েছেন লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি জানান, গত নভেম্বরের ২৭ তারিখে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নির্ধারিত সময়সীমার মধ্যে ইসরায়েলি বাহিনীকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় দখলকৃত ভূখণ্ড থেকে সরে যেতে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) লেবাননের রাজধানী বৈরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট আউন এসব কথা বলেন।
রবিবার(১৯ জানুয়ারি) প্রেসিডেন্ট কার্যলয়ের এক বিবৃতির বরাত দিয়ে আনাদুলু নিউজ অ্যাজেন্সি এই তথ্য জানিয়েছে।
বিবৃতি জানানো হয়েছে, প্রেসিডেন্ট জোসেফ আউন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রেসিডেন্ট কার্যালয়ে বৈঠক করেছেন। বৈঠকে প্রেসিডেন্ট আউন ইসরায়েলি বাহিনী স্থল ও আকাশপথের সীমা ক্রমাগত লঙ্ঘণ করার বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে সীমান্তবর্তী গ্রাম ও বাড়িঘর ধ্বংস করার বিষয়ে মহাসচিবের নিকট তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বৈঠকে আউন বলেন, ‘ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বাড়িঘরে ও সীমান্তে বোমাবর্ষণ করে গ্রাম ধ্বংস করছে যা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি লেবাননের সার্বভৌমত্বের জন্য আঘাত।’
এর আগে জোসেফ আউন গত ৯ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং গেল দুই বছরের বেশি সময় ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে শূন্য থাকা শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে গত বৃহস্পতিবার লেবানন সফরে আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মহাসচিব জানান, ‘যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় আগামী ২৬ জানুয়ারি মধ্যে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।’
এদিকে গত বছরের ২৭ নভেম্বর ইসরায়েল ও লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ লিটানি নদী থেকে পিছু হটবে এবং সামরিক অবকাঠামো ভেঙে ফেলবে। অন্যদিকে ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চ থেকে সরে যাবে। সূত্র: আনাদুলু নিউজ অ্যাজেন্সি
তাওফিক/