দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০০ মিটার গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইয়োকাল্লা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বলিভিয়া পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম।
পুলিশ কর্নেল ভিক্টর বেনাভাইদেস এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ৩০ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহত ১৫ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাটি ঘটে পোতোসি ও ওরুরো শহরের মাঝখানের একটি সংকীর্ণ ও বিপজ্জনক সড়কে। স্থানীয় সংবাদমাধ্যম ইউনিটেল জানিয়েছে, আহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
পুলিশের ধারণা, অতিরিক্ত গতির কারণে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যার ফলে বাসটি খাদে পড়ে যায়। এখন পর্যন্ত বাসটিতে কতজন যাত্রী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বলিভিয়ায় প্রতিবছর প্রায় এক হাজার ৪০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। তবে চলতি বছরে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। সূত্র: এএফপি
বাসস/তাওফিক/