শুল্ক ইস্যু নিয়ে দফায় দফায় ভারতের কঠোর সমালোচনার পর ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানান, মার্কিন পণ্যে শুল্ক কমানোর কথা দিয়েছে ভারত। অন্যদিকে মোদি সরকার জানায়, এ বিষয়ে আলোচনা এখনও চলছে। এরই মাঝে শুল্ক নিয়ে আরও একবার ভারতের ওপর ক্ষোভ ঝাড়লেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।
স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ভারতের উচ্চহারে শুল্ক নেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, আমেরিকান মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত। এটি সহায়ক নয় বলে মন্তব্য করেন তিনি।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বুধবার (১২ মার্চ) এ তথ্য জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট যুক্তরাষ্ট্রের ওপর বিভিন্ন দেশের আরোপিত শুল্ক নিয়ে মন্তব্য করার সময় আমেরিকান অ্যালকোহল এবং কৃষিপণ্যের ওপর ভারতের আরোপিত শুল্কের কথা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন। তিনি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক চান।
এ সময় তিনি বলেন, ‘ভারতকে দেখুন… আমেরিকান অ্যালকোহলে ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি। আপনার কি মনে হয় কেন্টাকি বোরবনকে (আমেরিকান হুইস্কি) ভারতে রপ্তানি করতে সাহায্য করা হয়? আমার মনে হয় না। এছাড়া আমাদের কৃষিপণ্যেও ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করে।’
আমেরিকান অ্যালকোহল এবং কৃষিপণ্যে শুল্ক আরোপের জন্য ভারতের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন। আমাদের এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন যিনি আসলে আমেরিকার ব্যবসা এবং শ্রমিকদের স্বার্থের দিকে নজর রাখেন।’
এর আগে ভারতীয় শুল্ক নিয়ে লাগাতার ভারতকে সমালোচনার লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প।
এছাড়া সম্প্রতি ট্রাম্প জানান, আমেরিকার দাবি মেনে ভারত শুল্ক কমাতে রাজি হয়েছে। যদিও, এই দাবি অস্বীকার করা হয়েছে ভারতের পক্ষ থেকে।
মঙ্গলবার (১১ মার্চ) ভারতের কেন্দ্রীয় সরকারের সংসদীয় প্যানেল জানিয়ে দেয়, আমেরিকাকে শুল্ক কমানোর ব্যাপারে ভারত এখনও কোনো প্রতিশ্রুতি দেয়নি। সুত্র: এনডিটিভি
দিনা/অমিয়/