ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে নৌকা ডুবে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় এখনো ৪০ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) মর্মান্তিক এই দুর্ঘটনায় শিকার হয়েছেন নৌকার ৫৬ অভিবাসন প্রত্যাশী।
উদ্ধারকর্মীরা ১০ জনকে উদ্ধার করে নিকটবর্তী ল্যাম্পেডুসার একটি হাসপাতালে পাঠিয়েছেন।
উদ্ধার যাত্রীদের সূত্রে জানা গেছে, তিউনিসিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে মাঝসমুদ্রে উল্টে যায়।
এ প্রসঙ্গে ইতালির ক্যাথলিক দাতব্য সংস্থা ক্যারিটাসের পরিচালক ফাদার মারকো পাগনিয়াল্লো বলেন, ‘ভূমধ্যসাগরে এ ধরনের মৃত্যু দেখলেই আমার মনে হয় এই সমাজে নিঃস্ব জনগোষ্ঠীকে একটু সচ্ছল জীবন ও নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা কতটা ব্যর্থ।’
এ সময় তিনি যুদ্ধের কারণে অভিবাসীদের দেশ ছেড়ে পালানো রুখতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের উদ্দেশে ইতালিতে অবৈধ অভিবাসনের উদ্দেশে নৌকায় করে সমুদ্র পাড়ি দেওয়ার ঘটনা বেশ পুরোনো। চলতি বছর জানুয়ারি মাসে এভাবে ইতালিতে প্রায় ৩হাজার ৩৬৮ জন অভিবাসী যাত্রা করেছেন। ঠিক এক বছর আগে এই সংখ্যা ছিল ২হাজার ২৫৮। এদের মধ্যে বেশিরভাগই লিবিয়ার অধিবাসী।
সম্প্রতি লিবিয়ার কুখ্যাত সন্ত্রাস ওসামা নাজিমকে গ্রেপ্তারের কারণে দেশটিতে সৃষ্ট সহিংসতার কারণে আগের তুলনায় বেশি অভিবাসী নিরাপত্তার আশায় ইতালিতে পাড়ি দিচ্ছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।
এদিকে অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক জরিপে উঠে এসেছে, ২০২৫ সালের প্রথম দুই মাসেই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ২৪৮ জন প্রাণ হারিয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান
নাইমুর/