ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে আজ শনিবার (২৫ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে।
এদিকে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশে রওনা হয়ে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাসস জানায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছায়। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) ভ্যাটিকান সিটির উদ্দেশে কাতার ত্যাগ করেন। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, শেষকৃত্য শেষে জিওভান্নি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হবে। পরে পোপের মরদেহ নিয়ে যাওয়া হবে সেন্ট ম্যারি মেজর ব্যাসিলিকায়, যেখানে তাকে সমাহিত করা হবে।
পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে বিশ্বব্যাপী ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চলতি বছরের শুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফ্রান্সিস দুবার মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। গত ২৩ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে তাকে সেখানে ৩৮ দিন থাকতে হয়েছিল।
২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হন জর্জ মারিও বার্গোগলিও। পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর নাম পরিবর্তন করে রাখেন ‘ফ্রান্সিস’। আর্জেন্টিনার এই ধর্মযাজক দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বেশ পরিচিত ছিলেন।
প্রধান উপদেষ্টা আগামীকাল রবিবার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন। পরের দিন সোমবার ভোরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।