ভারত পাকিস্তান চলমান সংঘাতে বুধবার (৭ মে) ভারতের অন্তত তিনটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। যদিও এখন পর্যন্ত ভারত বিষয়টি স্বীকার করেনি বা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে পাকিস্তান থেকে দাবি করা হয়েছে ভারতের মোট ৫টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান। যার মধ্যে ৩টি রাফাল, ১টি সুখোই এবং ১টি মিগ-২৯।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে পাকিস্তানের বরাতে প্রচারিত এ তথ্য যদি সত্য হয়ে থাকে তাহলে ভারতের ক্ষতির অংকটা নেহায়েত কম নয়। পুঙ্খানুপুঙ্খ হিসাব পাওয়া না গেলেও আনুমানিক একটা ধারণা করাই যায়।
রাফাল
ফ্রান্সের দাসো এভিয়েশন কর্তৃক নির্মিত এই যুদ্ধ বিমান বিশ্বব্যাপী সামরিক খাতে এখন বহুল জনপ্রিয় এবং চাহিদার শীর্ষে থাকা অন্যতম যুদ্ধ বিমান।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গেল ২৮ এপ্রিল ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করে ভারত। সে হিসেবে প্রতিটি রাফালের দাম পড়ে ২৮৪ দশমিক ৬ মিলিয়ন ডলার। ৩টি রাফাল হারিয়ে ভারতের ক্ষতির অংক দাঁড়ায় ৮৫৩ দশমিক ৮ মিলিয়ন ডলার বা প্রায় ৭ হাজার ২৩৮ কোটি রুপি। ১০ হাজার ৩৭৩ কোটি টাকা।
ভারতের সামরিক পরিসংখ্যান বলছে ভারতের কাছে থাকা ৩৬টি রাফালের সঙ্গে নতুন চুক্তির ২৬টি যোগ হলে মোট ৬২টি রাফাল নিয়ে এ ভূখণ্ডের আকাশসীমায় ভারতের সামরিক আধিপত্য হতো একেবারেই অন্যরকম। তবে আজকের ভূপতিত হবার ঘটনাটি যেন মোড় ঘুরিয়ে দিয়েছে। সামরিক বিশ্লেষকদের কপালেও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে পাকিস্তান।
বিভিন্ন সূত্র বলছে রাফালের এমন ভূপতিত হবার খবরে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে রাফালের মার্কেট শেয়ারে ব্যাপকভাবে ধস নেমেছে। যার দরুণ কোম্পানিটির অনেক টাকা লোকসান গুনতে হতে পারে।
সুখোই
রাশিয়ান মিলিটারি এয়ারক্রাফট এবং বেসামরিক উড়োজাহাজ প্রস্তুতকারক ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন এর এই যুদ্ধবিমানটিও যথেষ্ট শক্তিশালী।
ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, গেল বছরের ডিসেম্বরে সুখোই কেনার জন্য ভারত যে বিলটি পাস করেছিল সেখানে প্রতিটি সুখোই এর দাম পড়েছিল ১৫৩ দশমিক ৩৮ মিলিয়ন ডলার বা ১৩ হাজার কোটি রুপি।
মিগ-২৯
আধুনিক যুদ্ধ বিমানের ক্ষেত্রে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত এই যুদ্ধ বিমানটি রাশিয়ার তৈরি। প্রতিটি যুদ্ধ বিমানের দাম পড়ে আনুমানিক ৫৫ মিলিয়ন ডলার।
এখন পর্যন্ত সব বাদ দিয়ে বলা যায় ভারতের নিট ক্ষতি ১ দশমিক ৬২ বিলিয়ন ডলার বা ১৩ হাজার ৭৩১ কোটি রুপি। ১৯ হাজার ৬৮২ কোটি টাকা। যা ভারতের সামরিক বাজেটে খুব সামান্যই প্রভাব ফেলবে।