ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত যাত্রীবাহী বিমানের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) বুধবার (৭ মে) জানায়, পাকিস্তানের প্রধান রুটগুলোতে বিমান চলাচল পুনরায় শুরু করা হয়েছে।
পিএএ জানায়, অল্প কিছু আকাশসীমা, বিশেষ করে লাহোরের আকাশসীমা আরও ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।
এদিন পিএএ দেশটির বিমানবাহিনীর কাছে এ সংশ্লিষ্ট একটি সংশোধিত নোটিশ (এনওটিএএম) পাঠায়।
এই নোটামে উল্লেখ করা হয়, লাহোরের কিছু আকাশসীমা স্থানীয় সময় ৭মে সকাল ১০টা ৫০মিনিট থেকে ৯ মে দুপুর ১২টা ২০মিনিট পর্যন্ত সব উচ্চতায় অস্থায়ীভাবে বন্ধ থাকবে।
অন্যদিকে, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন বা অবতরণকারী ফ্লাইটগুলোকে ছাড়পত্রের জন্য এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়।
পিএএ এক বিবৃতিতে জানায়, তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকে (আইসিএও) 'ভারতের বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ডের’ ফলে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য যে গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে সে বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।
গত মঙ্গলবার (৬ মে) রাতে ভারতের সার্জিকাল স্ট্রাইক শুরুর পর ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
বুধবার (৭ মে) পিএএ একটি সংশোধিত নোটাম জারি করে জানায়, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং করাচিতে আকাশসীমা সম্পূর্ণরূপে চালু করা হয়েছে, তবে লাহোরের বিধিনিষেধ বলবৎ থাকবে।
সিএএ-এর এক মুখপাত্র পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে জানান, ‘লাহোর এবং ইসলামাবাদের মধ্যে মাত্র কয়েকটি রুট বন্ধ থাকবে, তবে দুই শহরের মধ্যে অন্যান্য রুটগুলো কার্যকর থাকবে।'
পিএএ আরও জানায়, পাকিস্তানের সব বিমানবন্দর সম্পূর্ণরূপে চালু থাকবে এবং আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত এবং নিরাপদ থাকবে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, ভারতের উত্তরাঞ্চলের বিমানবন্দরগুলো স্থানীয় সময় ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। বিমানবন্দরগুলো জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর পাশাপাশি লেহ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং গুজরাট রাজ্যে বিস্তৃত। এর ফলে অভ্যন্তরীণ রুটে পরিচালিত ভারতীয় বিমান সংস্থাগুলো বহু ফ্লাইট বাতিল করেছে।
এর মধ্যে রয়েছে জম্মু ও শ্রীনগরের জম্মু ও জম্মু ও লেহ বিমানবন্দর, পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা বিমানবন্দর; হিমাচল প্রদেশের সিমলা ও ধর্মশালা; রাজস্থানের যোধপুর; বিকানের জয়সলমীর এবং কিষাণগড় এবং ভুজ; জামনগর; রাজকোট; মুন্দ্রা; পোরবন্দর; কান্ডলা; কেশোদ এবং গুজরাটের ভূজ।
ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা একটি নোটাম থেকে এসব তথ্য জানা যায়। সূত্র: দ্য ডন এবং দ্য হিন্দু
সুলতানা দিনা/অমিয়/